spot_img
spot_img

ভারতে মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন। ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে এমন চিত্র দেখা গেছে।

সম্প্রতি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ (Tripura Santiniketan Medical College) নামের একটি ইউটিউ চ্যানেলে ডা. প্রাণ গোপাল দত্ত ক্লাস নিচ্ছেন বলে দেখা যায়। চ্যানেলটির একাধিক ভিডিওতে তাকে ক্লাস নিতে দেখা গেছে। তবে কতদিন ধরে তিনি সেখানে পাঠদান করছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নাক-কান-গলা (ইএনটি) সম্পর্কিত একটি বিষয়ে ক্লাস নিচ্ছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে যান। দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না মিললেও, সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাণ গোপাল দত্ত একজন নাক-কান-গলা বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বনাম— বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য। ২০১২ সালে তিনি স্বাধীনতা পদক পান। তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) হয়ে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ