spot_img
spot_img

গুলশান থেকে আ’লীগের সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তার বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছি। আর কোনো মামলা আছে কি-না, সেটি আমরা খতিয়ে দেখছি।’

নুর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়লেও সে সময় পরাজিত হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ ছাড়াও তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ