ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে মদ মনে করে মিথাইল অ্যালকোহল পানের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।
আজ বুধবার (২৭ জুলাই) রাজ্যটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা অশোক কুমার যাদব বলেছেন, নকল মদপানের পর সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়াদের কয়েকজন রাতে মারা গেছেন। ভুক্তভোগীরা মদ মনে করে মিথাইল অ্যালকোহল খেয়েছিল। প্রায় কোনো কিছুর সঙ্গে মেশানো ছাড়াই তারা এটা পান করে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গুজরাটের আহমেদাবাদ ও বোটাদ জেলার বেশ কয়েকটি গ্রামে ভেজাল মদ্যপানে মৃত্যুর এ ঘটনা ঘটেছে। এসব এলাকার বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা গ্রামে নকল মদ বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ ঘটনার পর রাজ্যটির একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ-এর নেতৃত্বে মঙ্গলবারই একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে।
সূত্র: রয়টার্স











