সৌদি আরবের পূর্বাঞ্চলকে লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু শহরের সঙ্গে সংযুক্তকারী অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনসংশ্লিষ্ট কয়েকটি ‘সংবেদনশীল’ স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলন।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী জানান, সৌদি ড্রোন ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ড্রোন ব্যবহার করে সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু পর্যন্ত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ‘সংবেদনশীল’ স্থাপনা ও পয়েন্ট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তবে হুথিদের এ দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
সূত্র: আল জাজিরা










