মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যারা বলছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, তারা জ্ঞানপাপী; তারা পাকিস্তানের দোসর।
আজ শনিবার (২৭ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিমকোর্ট মিলনায়তনে পিরোজপুর জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সম্পূর্ণ বিচার এখনো হয়নি। এই হত্যার পেছনে যারা ছিলেন; তাদের বিচার হয়নি। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখনো খোলস পরে ঘুরে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে নতুন করে চার্জশিট দিতে কোনো বাধা নেই বলে মনে করেন তিনি।
তিনি বলেন, যারা ৭১-এ পরাজয় মেনে নিতে পারেননি, তারাই এই হত্যার ষড়যন্ত্র করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। খুনিদের সঙ্গে জিয়ার বৈঠক হয়। সেখানে জিয়া বলেছেন, গো অ্যাহেড। পরে খুনিদের নার্সিং করেছেন জিয়া, এরশাদ ও খালেদা। জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে বিপরীতমুখী করেছিলেন।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখনো খোলস পরে ঘুরে বেড়াচ্ছেন।
সূত্র: বাসস










