মালয়েশিয়ার আগামী ১৫তম জাতীয় নির্বাচনেও অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী তুন মাহাথির বিন মুহাম্মাদ। দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ও তার নতুন দল গেরাকান তানাহ এয়ার (জিটিএ) নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে বেরজাসা আয়োজিত ২০২২ জাতীয় পরিষদের উদ্বোধনের পর একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহাথির মুহাম্মাদ।
তিনি আশা করেন শিগগিরই দেশটির ক্ষমতাসীন সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। মাহাথিরের নতুন দলের নাম গেরাকান তানাহ এয়ার এবং তিনি এই দলের চেয়ারম্যান। সরকার যদি এখন অথবা বছরের শেষে নির্বাচন আয়োজন করে তাহলে নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও তার দল সবচেয়ে বেশি সংখ্যক আসন পাবে বলেও জানান ডা. মাহাথির। তারপর জোট গঠন করে সরকার গঠন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আধুনিক মালয়েশিয়ার এই স্থপতি আরো বলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত এবং আমরা মালয়েশিয়ার সবকটি আসনে প্রার্থী দেব। দেশের ৫০ শতাংশ আসনে জয় না পেলেও আমরাই হব বিজিত বড় দল। জোট সরকার গঠন করতে সক্ষম করার জন্য জিটিএ সারাদেশে ১২০টি পর্যাপ্ত আসন দিয়ে অধিকাংশ আসনে জয় নিশ্চিত করবে।
সূত্র : বারনামা











