বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে এক রাতের মধ্যে শেষ করে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, জনগণ কি চায় শেখ হাসিনা পদত্যাগ করুক? আদালতের আদেশে কেয়ারটেকার সরকার কবরে ঘুমিয়ে আছে। সেটা কি আর এ দেশের জনগণ চায়? তারা (বিএনপি) কেন চায়? আসলে তাদের মুখে মধু অন্তরে বিষ। তারা বলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। কী সুন্দর কথা! এমনিতে তারা আমাদের নিঃস্ব করে দিয়েছে। তারা ক্ষমতায় আসলে বাকিটা এক রাতের মধ্যে শেষ করে দেবে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মিরপুর দারুস সালাম বালুর মাঠে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, আমানুল্লাহ আমান ফলের রস খেয়ে সব ভুলে গেছেন। এমনকি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এসেছেন। গয়েশ্বর কিশোরগঞ্জের কোরাল মাছ খেয়ে খুশি হয়েছেন। কিছু প্যাকেট বাড়ির জন্যও নিয়ে গেছেন। এগুলো ওপেন, ছবি আছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা হারলে বাংলাদেশ হেরে যাবে, গরিব মানুষ হেরে যাবে, স্বাধীনতা হেরে যাবে। তাই তাকে বিজয়ী করতে হবে। তিনি হেরে গেলে বাংলাদেশর উন্নয়ন হেরে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা খালি হাতে লড়ব। তবে আগুন হাতে আসলে আমরা তা শক্ত হাতে প্রতিহত করব।










