ঢাকার দুই সিটির আটটি এলাকা এখনও এডিস মশার হটস্পট। এর মধ্যে উত্তরে পাঁচটি এবং দক্ষিণে তিনটি এলাকায় সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসব এলাকায় দ্রুত পদক্ষেপ না নিলে ডেঙ্গু পরিস্থিতির আবারও অবনতি হতে পারে। তবে দুই সিটি করপোরেশনের দাবি, হটস্পটগুলোতে এরই মধ্যে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির হাজারিবাগ, বাসাবো ও কদমতলীতে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। সে সব এলাকায় এডিসের লার্ভাও মিলছে বেশি। তাই দক্ষিণের এলাকা তিনটিকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে ঢাকা উত্তর সিটির মিরপুর, উত্তরখান, দক্ষিণখান, বাড্ডা এবং উত্তরায় সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই পাঁচ এলাকায় দিনে আক্রান্ত হচ্ছে অন্তত দুইশ মানুষ।











