মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত; ঘোষণা হতে পারে আগামীকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার (২৭ আগস্ট) ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদিত রোডম্যাপটি আগামীকাল বৃহস্পতিবার প্রকাশের সম্ভাবনা রয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরু হওয়ার আগে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সেই লক্ষ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে কমিশন।

এর আগে, গত রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ প্রাথমিক রোডম্যাপের বিস্তারিত তুলে ধরেন।

এছাড়া, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

অন্যদিকে, গত ২৪ আগস্ট থেকে সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু হয়েছে, যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত। কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকায় বর্তমানে দেশের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

ইসি জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার বিরুদ্ধে আপত্তি গ্রহণ করা হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সবশেষে, ২০ অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ