আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার ভ্যাকসিন সংগ্রহে প্রধানমন্ত্রীর কৌশল বিশ্বে স্বীকৃত। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের জন্য নেওয়া পদক্ষেপ ও কর্মকাণ্ড বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। শুধু বর্তমান নিয়ে নয়, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ায়ও কাজ করছেন তিনি। যখন অন্য রাজনৈতিক দল আগামী নির্বাচনের চিন্তা করে, তখন শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কাজ করেন।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটি আয়োজিত “করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা”র ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধীরা নিজেদের সব ব্যর্থতা ঢাকতে সাম্প্রদায়িক অপশক্তিকে হাতিয়ার করেছে। এ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে উন্নয়নকাজ চলছে, মানুষের সাময়িক সমস্যা হলেও এর ফলাফল হবে জনবান্ধব। আগামী বর্ষার আগেই জনদুর্ভোগ শেষ হবে। সীমান্তসহ দেশব্যাপী যোগাযোগ খাতের যুগান্তকারী উন্নয়ন হচ্ছে।











