spot_img
spot_img

গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় নতুন-নতুন জ্ঞানের ক্ষেত্র তৈরি করে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণা ও উচ্চশিক্ষার পাদপীঠ। বিশ্ববিদ্যালয় কেবল প্রথাগত জ্ঞান ও শিক্ষা প্রদান করে না, গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞানের ক্ষেত্রও তৈরি করে।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) “বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস” উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসকেরা গবেষণাকর্মেও নিযুক্ত থাকেন।

তিনি বলেন, আমি মনে করি, নিরন্তর গবেষণার মাধ্যমেই বিভিন্ন রোগের উৎপত্তি, কারণ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়, যা মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আবদুল হামিদ জানান, ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা শিক্ষায় উচ্চতর গবেষণা এবং দেশের চিকিৎসা-সেবায় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। চিকিৎসা মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। দেশের চিকিৎসা বিজ্ঞানের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে জনগণের প্রত্যাশা অনেক।

তিনি বলেন, সেই জনপ্রত্যাশা পূরণে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যূনতম ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছানোর পাশাপাশি মৌলিক গবেষণা কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে হবে এবং গবেষণালব্ধ ফল মানব কল্যাণে কাজে লাগাতে হবে। রাষ্ট্রপতি এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ