বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার গভীর চক্রান্তের মধ্যে রয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শেরে বাংলা নগরে জাসাসের নবগঠিত কমিটির সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই বলে কয়েক ধাপে যে ইউপি নির্বাচন হচ্ছে সেখানে প্রায় দেড় শতাধিক খুন হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের কথা বলেন, কিসের সংলাপ। কী নির্বাচন কমিশন গঠন করবেন? এই নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছিলেন। যার প্রতিফলন দেখছি, জনপদের পর জনপদ, বিভিন্ন ইউনিয়নে রক্ত ঝড়ছে। গতকাল রবিবারও তিনজন নিহত হয়েছে। এই হচ্ছে তাদের চালচিত্র।
তিনি বলেন, আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের যিনি প্রতীক তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর দেশে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে, কথা বলতে ভয় লাগে, চলাচল করতে ভয় লাগে, বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড করতে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বিএনপির এ নেতা বলেন, সেখান থেকে নির্ভয়ে সুস্থ বাতাস প্রবাহিত করার জন্য এই সরকারের পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসবে, সেই সরকারকে সবাই সমর্থন করবে। সেই ব্যবস্থার সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।










