ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশের চলমান সঙ্কট দূর করতে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য প্রশাসনকে ব্যবহার করছে।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ২রা জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা ইমতিয়াজ বলেন, ব্যাংক খাত ধ্বংসের মাধ্যমে দেশের অর্থনীতি স্থবির করে দেয়া হয়েছে। লুটপাট দুর্নীতি করে যারা বিদেশে অর্থ পাচার করেছে তাদের আইনের আওতায আনুন এবং জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিন।
তিনি বলেন, বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনলে দেশে কোন অভাব থাকবে না। তিনি বলেন, লুটপাট ও দুর্নীতি বন্ধে রাজনীতিতে গুণগত পরিবর্তন সময়ের আনিবার্য দাবি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ। এছাড়াও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।










