হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে মহামারি করোনা ভাইরাসসহ সব ধরনের বালা-মুসিবত থেকে বাঁচতে সারাদেশের মসজিদগুলোতে জুমার পর দু‘আ-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে জুমার খোতবায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, দেশে নতুনকরে করোনা, ওমিক্রন ইত্যাদি মহামারির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে৷ ফলে সাধারণ জনগণ চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় ভুগছে। দেশের অর্থনীতি ও শিক্ষাব্যবস্থা প্রায় হুমকির মুখে। এছাড়াও অনেক মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত৷ এমতাবস্থায় দেশ ও জাতিকে রক্ষার লক্ষ্যে আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পন করে বেশি বেশি দু‘আ, ইস্তিগফার ও তাওবাহ করার বিকল্প নেই৷ তাই আসুন সবাই আল্লাহর কাছে তাওবাহ ও ইস্তিগফার করি।
তিনি করোনা-ওমিক্রন, ডেঙ্গু, ভুমিকম্প, ঘূর্ণিঝড়সহ সব ধরণের বালা-মুসিবত থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে দিক নির্দেশনা বিশেষভাবে তুলে ধরার জন্য দেশের আলেম-উলামা ও ইমাম খতীবদের প্রতি আহবান জানান।
এদিকে বি-বাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদরাসা মসজিদে জুমার সালাতের পর সমবেত মুসল্লীদের নিয়ে মহান রাব্বুল আলামীনের দরবারে করোনা থেকে মুক্তি, সুরক্ষা ও পরিত্রাণের জন্য, সেই সাথে সবরকম বিপদ-দূর্যোগ থেকে, যাবতীয় অসুস্থতা ও রোগ-ব্যাধি থেকে মুক্তির জন্য দু‘আ করেছেন।
দেশের বিভিন্ন মসজিদে যারা দু‘আ পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদে মাওলানা আব্দুল আওয়াল, রাজধানীর সেগুনবাগিচা মসজিদে মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, খিলগাঁওয়ে মাওলানা জহুরুল ইসলাম, উত্তরায় তাক্বওয়া মসজিদে মুফতী কিফায়াতুল্লাহ, পল্লবীর বাইতুস সুজুদ মসজিদে মুফতী কামাল উদ্দিন, দয়াগঞ্জ চৌরাস্তা জামে মসজিদে মাওলানা মাসউদ, ফেনীর সোনাগাজীতে মাওলানা এনামুল হক মুসা, মুহাম্মাদী হোমস মসজিদে মুফতী আদনান মাসঊদ, সাভারস্থ কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসা মসজিদে মুফতী সোহাইল আহমাদ, সাভারস্থ রাজাবাড়ি মসজিদে মুফতী ইকবাল হাসান, সাভারস্থ অন্ধ মার্কেট মসজিদে মুফতী সুলতান মাহমুদ, কেরানীগঞ্জের মিকাঈল নগর জামে মসজিদে মুফতী মাহমুদুল হাসান, ডিয়াবাড়ী উত্তরায় রূপা মিয়া বাইতুস সালাম জামে মসজিদে মাওলানা নাজীবুল্লাহ সিদ্দিকী প্রমূখ। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে আজ হেফাজতের আহ্বানে বিশেষ দু‘আ অনুষ্ঠিত হয়।
দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ করোনা ও ওমিক্রন ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বেশি বেশি তওবাহ-ইস্তিগফার ও দু‘আর পরামর্শ দেন। তারা প্রাণঘাতী করোনা ও ওমিক্রন ভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতর্কতা ও করোনার টিকা গ্রহণ করার পাশাপাশি দেশের সকল মসজিদ, মাদরাসা ও ঘরে ঘরে সম্মিলিত ও ব্যক্তিগতভাবে দু‘আর আয়োজন করার আহ্বান জানান।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে করোনা থেকে বাঁচার লক্ষ্যে সারাদেশের ইমাম খতীবদের প্রতি বিশেষ দু‘আ পরিচালনা করতে আহ্বান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।











