প্রধানমন্ত্রীসহ তাঁর পরিবারের সদস্য ও মন্ত্রীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ওয়ালিউ রহমান দোলন নামে ঢাকা জজকোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে রংপুরের বদরগঞ্জে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে বদরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। বদরগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন মধু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সূত্রে জানা গেছে, ওয়ালিউ রহমান দোলন ফেসবুকে টিসিবির পণ্য নিতে মানুষের দীর্ঘ লাইন নিয়ে কুটক্তি করে একটি পোস্ট দেন। সেখানে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, খালেদা জিয়া, তারেক জিয়া ও জিএম কাদেরকে টিসিবির পণ্য নিতে ট্রাকের পিছনে দৌঁড়াতে বলেন।
আরো জানা যায়, তিনি আ.লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীদের নিয়ে কূটক্তিমুলক স্ট্যাটাস দেন। একই পোস্টে খালেদা জিয়া, তারেক জিয়া ও জিএম কাদেরের কথাও উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সংক্ষুব্ধ হয়ে বদরগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন মধু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ফেসবুক ওয়াল থেকে পোস্টটি সরিয়ে দেন দোলন।











