বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের হওয়া চুক্তি অপ্রয়োজনীয় ও অসম।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এই যে বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তি নিয়ে আজ দেশি-বিদেশি সব বিশ্লেষকরা বলছেন, এটা একটা অপ্রয়োজনীয় ও অসম চুক্তি। যেখানে বাংলাদেশ শুধু পয়সা দিয়ে যাবে। কোনো লাভ পাবে না।
তিনি আরও বলেন, সরকার এই ধরনের চুক্তি মধ্য দিয়ে সম্পূর্ণ লুটপাট করে যাচ্ছে। মোটকথা, এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাই তারা লাগামহীন দুর্নীতি করে যাচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা পরিপূর্ণভাবে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই।










