এই সপ্তাহের শুরুতে আমেরিকার অনুরোধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনিদের অংশগ্রহণে দখলকৃত অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য আকাবায় একটি শীর্ষ সম্মেলনের অনুষ্ঠিত হয়। এ সম্মেলনকে কেন্দ্র করে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, “আকাবায় অনুষ্ঠিত সম্মেলনের ফলাফল ফিলিস্তিনি প্রতিরোধ ও আন্দোলনকে প্রভাবিত করবে না।”
ইরানের আন্তর্জাতিক বিষয়ক সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর ভেলায়তিকের সাথে এক ফোনকলে তিনি এ বিষয়টি জানান।
তিনি বলেন, “আমরা গভীরভাবে বিশ্বাস করি ইসরায়েল একটি কৌশলগত দ্বিধা-দ্বন্দ্বের সম্মুখীন হয়েছে। এই ধরনের শীর্ষ সম্মেলন ইসরায়েলকে রক্ষা করতে পারবে না।”
তিনি আরো বলেন, “আমরা স্বীকার করি দখলকৃত পশ্চিম তীরে ইন্তিফাদার সম্ভবনা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয় আমরা এটাও উপলব্ধি করি ইসরায়েল এটিকে দমন করতে অক্ষম।”
তিনি বলেন, “ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্র এই সম্মেলনের পৃষ্ঠপোষকতা করেনি। দখলকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান প্রতিরোধ দমানোর মাধ্যমে ইসরায়েলকে বাঁচানোর জন্যই মূলত এ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।”
এছাড়াও তিনি এ বৈঠকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সমর্থনের জন্য ইরানের প্রশংসা করেছেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর











