spot_img
spot_img

দ্বিতীয় দফায় বাড়ল হজ্ব নিবন্ধনের সময়; মিলছে না কাঙ্ক্ষিত সাড়া

হজ্বযাত্রী নিবন্ধনের কাঙ্ক্ষিত সাড়া না মেলায় ফের বাড়ানো হয়েছে নিবন্ধনের সময়। দ্বিতীয় দফায় আরও সাতদিন বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনার হজ্বযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো।

গত ৮ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের হজ্বযাত্রী নিবন্ধন শুরু হয়। সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক ৪২ হাজার ২৯৩ পর্যন্ত এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের সর্বশেষ ক্রমিক ৭ লাখ ৮ হাজার ৩৬৪ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন বলে তখন জানানো হয়েছিল।

পূর্বঘোষিত নিবন্ধনের শেষ দিন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ৪২০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ হাজার ১৬৪ জন হজ্বযাত্রী নিবন্ধন করেছেন।

এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্ব করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব করার সুযোগ পাবেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ্ব পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ্ব পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ্ব পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ