অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করতে বর্তমানে পার্শ্ববর্তী দেশ তুর্কমেনিস্তান সফরে রয়েছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাশিত মেরেদভের সাথে একটি বৈঠক করেছেন মাওলানা মুত্তাকি।
এ বৈঠকে, আফগানিস্তানের রেলপথ, বিদ্যুৎ, বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক ও টাপি গ্যাস প্রকল্প নিয়ে আলোচনা করেছেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি অনুযায়ী, কাবুল ও আশখাবাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন উভয় নেতা।
পাশাপাশি দেশ দুইটির মধ্যে রেল সংযোগ বৃদ্ধি, তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তানের হেরাত প্রদেশে বিদ্যুৎ রপ্তানি বৃদ্ধি করা ও টাপি গ্যাস প্রকল্পের পরীক্ষামূলক কাজ শুরু করার বিষয়টিও ছিল আলোচনায়।
আলোচনায় আরো স্থান পেয়েছে, ল্যাপিস লাজুসি করিডর পুনরুজ্জীবিত করা ও আফগানিস্তানে তুর্কমেনিস্তানের বিনিয়োগ বৃদ্ধির বিষয়টিও।
প্রসঙ্গত, ল্যাপিস লাজুসি হল একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক করিডর। এই করিডরের মাধ্যমে আফগানিস্তান থেকে তুর্কমেনিস্তান, আজারবাইজান ও জর্জিয়ার মধ্য দিয়ে তুরস্কে পৌঁছানো যায়।
অন্যদিকে, টাপি হল একটি বৃহৎ আকারের গ্যাস প্রকল্প। এটি ট্রান্স-আফগানিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প নামেও পরিচিত। যার মূল উদ্দেশ্য তুর্কিমনিস্তানের গ্যালকিনিশ গ্যাসক্ষেত্র থেকে আফগানিস্তান হয়ে পাকিস্তান ও ভারতে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়া।
বিবৃতিতে, আফগান রেলকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তুর্কমেনিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে প্রতিনিয়ত এই ধরনের সফর কাবুল ও আশখাবাতের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রমাণ বলেও জানান মাওলানা মুত্তাকি। সেইসঙ্গে, দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে আফগান ব্যাবসায়ী ও পরিবহন শ্রমিকদের জন্য ভিসা কার্যক্রম আরো সহজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে, তুর্কমেনিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আফগান শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ আরো বৃদ্ধি করা হবে বলে আশা প্রকাশ করেছেন মাওলানা মুত্তাকি।
বৈঠকে, আফগানিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি তুর্কমেনিস্তানের জন্য একটি কৌশলগত অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রাশিত মেরেদভ।
তিনি আরো উল্লেখ করেছেন, পরিবহন খাতের ব্যবসায়ী ও ব্যক্তিরা যেন খুব সহজেই আফগানিস্তান ও তুর্কমেনিস্তানে চলাচল করতে পারে সে বিষয়ে কাজ করবে উভয় দেশ। বিদ্যুৎ, রেল ও পরিবহন খাতে আফগান শিক্ষার্থীদের বৃত্তি প্রদানেরও আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রাশিত।
তিনি বলেন, আফগানিস্তানের নুর আল জিহাদ বিদ্যুৎকেন্দ্রে তুর্কমেনিস্তানের কর্মীরা নিরলস ভাবে কাজ করছে, যাতে হেরাত শহরের প্রতিটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরো বাড়ানো যায়।
তিনি আরো বলেন, রেললাইনের সম্প্রসারণ শুধুমাত্র আফগানিস্থানের জন্যই নয় বরং তুর্কমেনিস্তানের জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
ল্যাপিস লাজুসি করিডর পুনরায় চালু করার বিষয়ে রাশিত বলেন, এই প্রকল্পের জন্য পাঁচটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার জন্য একটি চুক্তিতে পৌঁছানো গেছে। খুব শীঘ্রই আশখাবাতে ল্যাপিস লাজুসি করিডর নিয়ে আলোচনা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশ তাদের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলোতে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











