তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পুলিশের ভাষ্যমতে, বিএনপি ষোলশহরে সমাবেশ ও ফুল দেওয়ার অনুমতি নিয়েছিল, কালুরঘাটে সমাবেশের অনুমতি নেয়নি।বিএনপির বেশিরভাগ সমাবেশেই গণ্ডগোল হয়, গাড়িঘোড়া ভাঙচুর করে, আবার নিজেরাও মারামারি করে। জনগণের জানমালের নিরাপত্তা বিধান পুলিশের দায়িত্ব এবং বিনা অনুমতিতে সমাবেশ করা যায় না।
সোমবার (২৮ মার্চ) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮ বছরে পদার্পণ উৎসবে শুভেচ্ছা বক্তব্য শেষে সাংবাদিকরা চট্টগ্রামের কালুরঘাটে রবিবার (২৭ মার্চ) বিএনপির সমাবেশ করতে চাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় প্রকৃতপক্ষে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে যাচ্ছিল। মানুষের বাধায় ফেরত এসছিল। পরবর্তীতে ২৭ মার্চ তাকে দিয়ে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা পাঠ করানো হয়।









