গত ১২ সপ্তাহ ধরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এ বিষয়ে অবৈধ রাষ্ট্রটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ পূর্বে একটি সমঝোতা প্রস্তাব পেশ করেছিলেন। কিন্তু তা বিরোধীদল কর্তৃক গৃহীত হলেও প্রত্যাখ্যান করে নেতানিয়াহুর জোট সরকার। তবে এবার তিনি অবিলম্বে নেতানিয়াহুর বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনা বন্ধ করার দাবি জানিয়েছেন।
গত সোমবার (২৭ মার্চ) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে হারজোগ বলেন, “ইসরাইলীদের ঐক্যের স্বার্থে ও প্রয়োজনীয় দায়িত্বের খাতিরে আমি আপনাকে অবিলম্বে এই আইন প্রণয়ন প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরো বলেন, “আমাদের নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক অবস্থা ও অর্থনীতি আজ হুমকির সম্মুখীন। জনগণ গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। তাই আর বিলম্ব না করে দায়িত্বশীল ও সাহসিকতার পরিচয় দিন।”
নেতানিয়াহুর উগ্র ডানপন্থী সরকারের দাবি ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য বিচার বিভাগীয় সংস্কারের প্রয়োজন রয়েছে।
অন্যদিকে ইসরাইলী জনগণের দাবি, এসব সংস্কার গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।
উল্লেখ্য; গত শনিবার নেতানিয়াহুর চরম মিত্র ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সংস্কারগুলি বন্ধ করার আহ্বান জানান। তার একদিন পরেই অবৈধ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী তাকে বহিষ্কার করে।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও সিএনএন











