অসুস্থ হয়ে মারা যাওয়া স্ত্রীর লাশ সৎকারের জন্য শ্মশান পর্যন্ত নিয়ে যেতে রাজি হয়নি কোনো গাড়ি। শেষমেশ স্ত্রীর মৃতদেহ কাঁধে তুলে ৩ কিলোমিটার পথ হেটে শ্মশানে পৌছলেন অসহায় স্বামী।
ভারতের তেলঙ্গানার কামারেড্ডিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা যায়, মহিলার নাম নাগলক্ষ্মী। নাগলক্ষ্মী এবং তার স্বামী কামারেড্ডি রেলস্টেশনের কাছে একটি ঝুপড়িতে থাকতেন। ভিক্ষা করেই দিন চলত তাদের। গত কয়েক দিন ধরেই তার স্ত্রী খুব অসুস্থ ছিলেন। স্ত্রীর চিকিৎসা করানো সম্ভব ছিল না স্বামীর। স্ত্রী করোনায় আক্রান্ত ছিলেন কি না তাও জানা হয়ে ওঠেনি। তার আগেই নাগলক্ষ্মীর মৃত্যু হয় রোববার (২৫ এপ্রিল)।
মৃত্যুর পর সৎকারের জন্য রেলের পক্ষ থেকে আড়াই হাজার টাকা দেওয়া হয় নাগলক্ষ্মীর স্বামীকে। কিন্তু সেই টাকার বিনিময়েও স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িও ভাড়া করতে পারেননি তিনি। এলাকায় গুজব ছড়ায়, করোনায় মারা গেছেন নাগলক্ষ্মী। উপায় না দেখে বাধ্য হয়েই স্ত্রীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে হেঁটে হেঁটেই শ্মশানে যান তিনি।












