আঘাতের জবাবে পাল্টা আঘাত দেওয়ার প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, একটু একটু সইতে সইতে সরকারের হাত অনেক লম্বা হয়ে গেছে। এখন তাই আঘাতের পর পাল্টা আঘাতের জন্য প্রস্তুত হতে হবে। আমাকে যে মারবে, আমি তাকে কিছু বলব না, তার কপালে কি চুমু খাব?
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নিউ মার্কেটের ঘটনায় ‘চক্রান্তমূলকভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা ও গ্রেপ্তারে’র প্রতিবাদে ঢাকা কলেজের সাবেক ও বর্তমান ছাত্রনেতৃবৃন্দ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শুধু সরকার পতনের আন্দোলন বা সরকার গঠন নয়, কিছু সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করতে হবে। ঈদের পর নয়, আন্দোলন চলমান রয়েছে। আন্দোলন হবে, এই সরকার যাবে। এ দেশ কোনো দলের নয়, জনগণের হবে এটা নিশ্চিত ভেবে আপনারা এগিয়ে যান। আন্দোলনে জীবন গেলে যাক, তবু বাংলাদেশ ঘুরে দাঁড়াব।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার পতনে কিছু সংস্কারের মধ্য দিয়ে হলেও বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। কেননা আওয়ামী লীগ সব করে নিজেদের জন্য, জনগণের জন্য নয়। আমরা বলি মানুষ মানুষের জন্য; তারা বলে, আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য।










