বিএনপিকে কোনোভাবে রাস্তায় নামতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।
তিনি বলেন, বিএনপিকে আমরা চিনি। বারবার দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা বারবার বাংলাদেশকে ছোট করেছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
ফারুক খান বলেন, আপনারা হয়ত ’৭১ দেখেননি কিন্তু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির আমল দেখেছেন। তাদের আমলে বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি। শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই, ৫০০ জায়গা বোমা হামলার মতো ষড়যন্ত্র আমরা দেখেছি। ’৯৬তে শেখ হাসিনা যে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরু করেছিলেন সেগুলো বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবেদ খান। আলোচনা সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।










