সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাক ও আফগানিস্তানে আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছি এবং তার বিনিময়ে কিছু পাইনি। পৃথিবীর বাকি দেশ গঠন করার আগে আমাদের নিজেদের সন্তানদের জন্য নিরাপদ স্কুল গঠন করা উচিৎ।
ইউক্রেনে সাহায্য পাঠানোর বদলে আমেরিকাকে স্কুলের নিরাপত্তার জন্য অর্থায়নকে অগ্রাধিকার দেবার কথা বলেছেন তিনি।
ট্রাম্প বলেন, আমেরিকা যদি ইউক্রেনে বিলিয়ন ডলার সাহায্য হিসেবে পাঠাতে পারে, তাহলে দেশের মাটিতে আমাদের শিশুদের নিরাপদ রাখতে আমাদের যে কোন কিছু করতে পারা উচিৎ।
ট্রাম্প আরও বলেন, অস্ত্র হাতে একজন মন্দ লোককে থামানোর একমাত্র পথ হচ্ছে, অস্ত্র হাতে একজন ভালো মানুষ। অস্ত্র ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ না করে বন্দুকধারীদের মানসিক স্বাস্থ্যের ওপর নজর দেওয়া গুরুত্বপূর্ণ। অশুভ শক্তির উপস্থিতির কারণে আইন মেনে চলা নাগরিকদের অস্ত্রধারণ যৌক্তিক, তাদের নিরস্ত্র করা নয়।
টেক্সাসের ইউভালডে শহরের এক প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে ১৯টি শিশু মারা যাওয়ার তিনদিন পর এমন বক্তব্য দিলেন ট্রাম্প।











