শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের জন্য মাতৃরূপে সৃষ্টিকর্তার বিশেষ উপহার।
বুধবার (২৮ জুন) নগরের সিনেমা প্যালেস মোড়ে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আয়োজিত উল্টো রথযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
নওফেল বলেন, এ দেশের রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বারবার দরকার। তিনি দেশের সকল ধর্মের মানুষের জন্য মাতৃরূপে সৃষ্টিকর্তার বিশেষ উপহার। কারণ তার নেতৃত্বে এদেশ আজ অর্থনৈতিক মুক্তি পেয়েছে।
তিনি বলেন, এই বৃহত্তর ভারতবর্ষের দুই পাশে পাকিস্তান তৈরি করে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে। যা আগেও ছিল এখনো আছে। বাংলাদেশ যাতে পাকিস্তান কিংবা আফগানিস্তান না হয়, সেজন্য আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।
তিনি আরও বলেন, যারা বিচ্ছিন্নতাবাদীদের জায়গা দিয়ে এই পবিত্রভূমিকে অপবিত্র করার চেষ্টা করেছে, সৃষ্টিকর্তার অভিশাপে আজ তারা ক্ষমতায় নেই। আর কোনোদিন ক্ষমতায় যেতেও পারবে না। শেখ হাসিনা বেঁচে থাকলে এবং ক্ষমতায় থাকলে এদেশ আর পেছনে যাবে না। উন্নতির চরম শিখরে পৌঁছাবে।











