প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তাঁর নির্বাচনী এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ছিলেন। তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার (২৮ আগস্ট) বিকেলে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ফজলে রাব্বী মিয়া একটি আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি তার রাজনৈতিক দল পরিবর্তন করেও নির্বাচনে জিতেছেন, যার মানে তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা অতুলনীয় ছিল।
তিনি বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করাটা একজন রাজনৈতিক নেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি সেটা করতে পেরেছিলেন।
তিনি আরও বলেন, ৭ বারের বিজয়ী সংসদ সদস্য ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর তিনি যুবলীগ এবং আওয়ামী লীগে সক্রিয় রাজনীতি করেন। একসময় জাতীয় পার্টিতে যোগ দিলেও আবার ফিরে আসেন ফজলে রাব্বি মিয়া। তিনি একজন দক্ষ আইনজীবী ছিলেন কাজেই আইন সম্পর্কে ভাল জ্ঞান রাখতেন এবং ডেপুটি স্পিকার হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে গেছেন।
সূত্র: বাসস










