বিরোধী দলের সঙ্গে সরকার যে আচরণ করছে, আওয়ামী লীগও এমন আচরণ করেনি বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলেও এখন বিএনপি বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের ওয়াকআউটের পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর এ জ্যেষ্ঠ নেতা।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বিরোধী দলের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি। বিরোধীদেরকে উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না।’
তিনি বলেন, ‘বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল। আজকে দেখা যাচ্ছে বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি।’
দেশের জনদুর্ভোগ তুলে ধরে তিনি বলেন, ‘সার নাই, বিদ্যুৎ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক। আমরা আশা করেছিলাম, এসব জনদুর্ভোগ নিয়ে সংসদে আলাপ হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর মনে রাখা উচিত, শাহবাগের ফল হিসেবে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।’
গণভোট প্রসঙ্গে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘গণভোটের পক্ষে আমরা সবাই ছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানও গণভোটের পক্ষে ছিলেন। কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে ওয়াদা ভঙ্গ করছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘দুর্বল-মেরুদণ্ডহীন অন্তর্বর্তী সরকার বিএনপির চাপে গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে করেছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি।’
এর আগে ওয়াকআউটের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা তৈরি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, এমন অভিযোগে তীব্র আপত্তি জানান বিরোধী দলের সদস্যরা।
বিরোধী দলের আপত্তি, হইচই ও হট্টগোলে কিছু সময় সংসদে একপ্রকার অচলাবস্থা তৈরি হয়। পরে বিরোধী দলের আপত্তির মুখে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার করার কথা জানান। তবে এরপরও পরিস্থিতি তাৎক্ষণিকভাবে শান্ত হয়নি।











