প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ করার কথা দিয়েছিলাম। সেটা করেছি। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। এবার হবে স্মার্ট বাংলাদেশ।
তিনি বলেন, আজ যে উন্নয়ন সেটা যেন সাসটেইনেবল হয় সেটা আমরা করব। কোনো স্যাংশনকে ভয় পাই না। আমাদের মাটি আছে, মানুষ আছে। সেই মাটি ও মানুষ দিয়েই বঙ্গবন্ধু দেশ গড়েছিলেন। আমিও তাই গড়ছি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) আমেরিকার ভার্জিনিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি প্রশ্ন রেখে বলেন, এখন কয়জন মানুষ দরজায় আসে ভাত চাইতে, ভাতের ফ্যান চাইতে? দিন বদলের সনদে বদলে গেছে বাংলাদেশ। সামনের দিন আরও বদলাবে। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। সেজন্য কমিটি গঠন করা হয়েছে। আমরা নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি, আগামীতে আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
শেখ হাসিনা আরও বলেন, আজ আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের মানুষের ওপর আস্থা আছে, বিশ্বাস আছে। তারা মনে করে একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের ভাগ্য পরবর্তন করতে। ভোটের মাধ্যমে মানুষ সেই আস্থার প্রতিদান দেবে বলেই আমি বিশ্বাস করি।











