spot_img

গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের ওপর কঠিন পর্যবেক্ষণ করছে : আমীর খসরু

গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের ওপর তীক্ষ্ণ নজর রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী নির্বাচনে চুরি করার পথে যারাই পা বাড়াবে, তারা কেউ রেহাই পাবে না। বিশ্ব বিবেক, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা বাংলাদেশের ওপর কঠিন এবং নিবিড় পর্যবেক্ষণ করছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার আমিনবাজারে ঢাকা জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, এই যে সভা-সমাবেশ বন্ধ করার প্রক্রিয়া, মঞ্চ ভেঙে দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন, রয়েছেন সবকিছুই ডকুমেন্টেড এবং নামসহ রেকর্ড হচ্ছে, কেউ বাদ যাবেন না। শুধু বিদেশিদের নিষেধাজ্ঞা নয়, বাংলাদেশের মানুষের নিষেধাজ্ঞায় পড়বেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বারবার বলা হচ্ছে, এই ভোট চুরির সঙ্গে যারা সরাসরি এবং পরোক্ষভাবে জড়িত থাকবেন, যারা দেখেও না দেখার ভান করছেন তারাও বাদ যাবেন না। সবার বুকেই কাঁপন শুরু হয়ে গেছে। বাইরে দেখান খুব সাহসী, কিন্তু ভেতরে এতো সাহস নেই।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেলফি তুলেও কোনো কাজ হচ্ছে না মন্তব্য করে আমীর খসরু বলেন, ওয়াশিংটনে জাতিসংঘের সব কাজ শেষে বিশ্বের সব নেতারা বাড়ি চলে গেলেও আমাদের অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বসে রয়েছেন। অবস্থা বুঝতে পারছেন, কতটা খারাপ! সেলফি তুলেও এখন কোনো কাজ হচ্ছে না। সেলফি তুলে কতদিন একটু ফুরফুরা মেজাজে ছিলেন, তারপর দেখা গেল স্যাংশন। আওয়ামী লীগ যে ভুয়া, সারা বিশ্ব বুঝে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ