চাঁদাবাজির বিকল্প হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন ও ‘গণভিক্ষা কর্মসূচি’র ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। বিকেল ৪টায় বাংলামোটরে বিশেষ ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করার কথা জানান তিনি।
হাসনাত আবদুল্লাহ পোস্টে লেখেন, ১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন, আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।
তিনি আরও লেখেন, চাঁদাবাজি বন্ধ ও তা প্রতিরোধের উদ্দেশ্যে আজ বিকাল ৪টায় বাংলামোটরে বিশেষ এই ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে।
কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে এনসিপির এই নেতা লেখেন, দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন; সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।











