বাস মালিক সমিতির ডাকা ৩৬ ঘন্টার বাস ধর্মঘটের প্রথম দিনে বিপাকে পড়েছেন রংপুর বিভাগের যাত্রীরা।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট, চলবে আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী জানান, দূরপাল্লার বাস বন্ধ থাকলেও অভ্যন্তরীন রুটে বাস চলাচল বন্ধ থাকবে না। রংপুর রুটে চলাচল করে এমন বাসের সংখ্যা রয়েছে প্রায় ৭০টি।
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে বাস ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে দলটির নীলফামারী জেলার সাধারণ সম্পাদক জহুরুল আলম গণমাধ্যমকে বলেন, আগামীকাল শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন সমাবেশে সাধারণ মানুষের যে উপস্থিতি ছিলো সেগুলো দেখে সরকার ভীত হয়ে পড়েছে। সমাবেশ বাধাগ্রস্থ করার জন্য ধর্মঘট আহবান করেও সমাবেশে মানুষের স্রোত ঠেকানো যাবে না। প্রয়োজনে আমরা হেঁটে রংপুরের সমাবেশে অংশ নেবো।











