spot_img

রিজার্ভের টাকা চিবিয়ে খাননি, গিলে ফেলেছেন : মির্জা ফখরুল

‘রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খায়নি’-প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রিজার্ভের টাকা চিবিয়ে খাননি, গিলে ফেলেছেন। গোটা বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে আপনারা গিলে ফেলেছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আওয়ামী লীগের হাত থেকে যদি বাংলাদেশকে সরানো না যায় তাহলে বাংলাদেশের কোন অস্তিত্ব থাকবে না। তারা বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে নিঃশেষ করে দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমরা পরিষ্কার করে জানতে চাই পায়রা বন্দরের জন্য টাকা কিভাবে গেল, কোথা থেকে গেল? আমরা জানি যে সকল মালামাল আমদানি করা হয় তার পেমেন্ট করা হয় রিজার্ভ থেকে। আমরা যে ঋণ নেই তা পরিশোধ করতে হয় রিজার্ভের টাকায়। কিন্তু তিনি (শেখ হাসিনা) যে জোর দিয়ে বললেন পায়ারা বন্দরে খরচ করা হয়েছে। আমরা জানতে চাই কিভাবে খরচ হলো। কারা করলো, কাদেরকে দিয়ে করালেন। রিজার্ভের টাকা কিভাবে গেল?

তিনি বলেন, এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়। আমাদের পরিষ্কার কথা, সংসদ ভেঙে দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই নির্বাচন কমিশনের অধীনে জনগণ তাদের ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে।

আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ করছে, যতক্ষণ পর্যন্ত না সংসদ বিলুপ্ত করছে, যতক্ষণ পর্যন্ত না তত্ত্বাবধায়ক সরকার গঠন হচ্ছে। ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ বসে থাকবে না। তারা লড়াই করবে সংগ্রাম করবে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে একটি গণঅভ্যুত্থানের সৃষ্টি করে এদেরকে পরাজিত করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ