শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সাংগঠনিক অগ্রগতি ও আগামী নির্বাচন নিয়ে ঢাকা বিভাগ (উত্তর) এর সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
আইজিপির বক্তব্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, আইজিপির দায়িত্বে থাকার আর কোনো অধিকার নেই। আমরা আইজিপির অপসারণ চেয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে তাঁর দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত।
তিনি বলেন, আমার পাশে সিফাতের মা বসে আছেন। তাঁর সন্তানের মুক্তির জন্য তিনি গত দুই মাস ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করায় গত সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় অনেকের ভুতুড়ে বিল আসছিল। সিফাতের ভাষাটা হয়তো সমর্থনযোগ্য নয়। কিন্তু তাকে তো আপনি এই কারণে গ্রেপ্তার করতে পারেন না। এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। এই আইনে শেখ হাসিনা বিরোধী দল দমন করেছে। তারেক রহমানও সে পথে চলছেন।
তিনি আরও বলেন, আমরা গাজীপুরে এই সভা থেকে পরিষ্কার ভাষায় সিফাতের মুক্তির দাবি করছি। অবিলম্বে সিফাতকে মুক্তি দিতে হবে। এ ছাড়া গাজীপুরের শ্রীপুরে সজন নামে এনসিপির একজন সদস্যকেও ফেসবুকে সমালোচনা করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাঁরও মুক্তি দাবি জানাচ্ছি।
গাজীপুরের শ্রমিক বিক্ষোভ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গাজীপুর শ্রমিক এলাকা, শিল্পাঞ্চল এলাকা। আজকেও এখানে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ হয়েছে। আমরা সেই সব পোশাকশ্রমিক ভাই-বোনদের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং তাদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করছি। সবার সঙ্গে আলোচনা করে, মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে তাদের বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছি।
সমন্বয় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগ (উত্তর) এর সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











