spot_img
spot_img

উদ্বোধন হলো আফগানিস্তানের আরো ৮টি তেল কূপের উত্তলন কার্যক্রম

আরও একটি তেলের খনি থেকে তেল উত্তোলন শুরু করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। মঙ্গলবার নতুন করে ৮টি কূপ থেকে তেল উত্তোলন উদ্বোধন করেন আফগান উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণী বারাদার। নতুন তেল কূপগুলো আফগানিস্তানের সারপুল প্রদেশের আমু ওয়েল ফিল্ডে অবস্থিত।

উদ্বোধনী অনুষ্ঠানে মোল্লা বারাদার বলেন, ইমারাতে ইসলামিয়ার সরকার সকল প্রদেশের উন্নয়নে ভারসাম্য তৈরি করার প্রতি মনযোগ দিচ্ছেন। এর অংশ হিসেবে আজ সারপুল প্রদেশে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছি। এটি এমন প্রকল্প যার উপকারিতা প্রথমে ভোগ করবে এই প্রদেশের জনগণ।

তিনি আরো বলেন, তেল উত্তলন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি জনগণের দাবী মোতাবেক অত্যাধিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি বড় হাসপাতাল, উন্নত সড়ক ও পানির বাঁধ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। এগুলো নির্মাণ হলে এই অঞ্চলের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। একই সাথে দেশের আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালেবান নেতৃত্বাধীন সরকার কর্তৃক গৃহীত সারপুলের অর্থনৈতিক ও জনহিতকর প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে চুক্তি মেনে চলার ও জনকল্যাণের প্রতি লক্ষ্য রাখারও আহবান জানান মোল্লা বারাদার। আহবান জানান সহজে ও দ্রুত সময়ে প্রকল্প বাস্তবায়নের।

আফগান খনি মন্ত্রণালয়ের তথ্যমতে, উদ্বোধন হওয়া ৮টি তেল কূপ থেকে উত্তলন কার্যক্রম শুরু হলে আমু ফিল্ড থেকে দৈনিক তেল উত্তলনের পরিমাণ ৮০০ কিউবিক মিটারে গিয়ে পৌঁছবে। তেল ক্ষেত্রটিতে বর্তমানে ৩৫০ জন প্রকৌশলী ও ৫৫০জন কর্মী কাজ করছেন। এছাড়া ফিল্ডটিতে আরো ১০টি তেল কূপ সক্রিয় করার কথা পরিকল্পনা করেছে আফগান সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রী মাওলানা শাহাবুদ্দীন দেলাওয়ারসহ সারপুল প্রদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ