দেশে আইন ও আদালত রয়েছে উল্লেখ করে যারা পালিয়ে গেছেন, তাদের সৎ সাহস থাকলে দেশে ফিরে আইনের কাছে নিজেদের সোপর্দ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, গায়ের জোরে মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া কিংবা কাউকে হত্যা করা রাজনীতি হতে পারে না। এটি গণতন্ত্রের ভাষাও নয়।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, এ দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র আদায় করেছে। একইভাবে ২০২৪ সালের ৫ আগস্টও গণতন্ত্র রক্ষা করেছে। দেশের মানুষ জানে কীভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়।
তিনি আরও বলেন, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী জনগণ সমুচিত জবাব দেবে।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জ সফরের কর্মসূচি সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রী জানান, ওই দিন তিনি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করবেন। পাশাপাশি নদী পুনঃখনন কার্যক্রম এবং একটি ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।











