জাতির সামনে করা অঙ্গীকার ভঙ্গের জবাব সরকারকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ রাষ্ট্র গঠন ও পরিবর্তনের লক্ষ্যে গণভোটে রায় দিয়েছিল। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়ন করছে না। কালক্ষেপণ না করে জনগণকে দেওয়া ওয়াদা পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ওয়াদা পূরণ করলে ঐক্য হয়ে যাবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে মগবাজারের আলফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমীর বলেন, সংবিধান সংশোধন কমিটি অসাংবিধানিক কাজ করেছে। তবে জুলাই সনদের ওয়াদা থেকে তারা একচুলও নড়বেন না। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট। কোনো কিছুর বিনিময়ে এ দাবি ত্যাগ করা হবে না।
তিনি বলেন, শুধু গণভোটের গণনা কিংবা জুলাই সনদ নয়, আরও অনেক মৌলিক কাঠামো ছিল, যেগুলো সরকার অগ্রাহ্য করেছে। মূল বিষয়গুলো উপেক্ষা করে ঐক্যের প্রয়াস চালালে তা ক্ষণস্থায়ী হবে।
সংসদ ও আদালতের মধ্যে লুকোচুরি খেলা চলুক, তা চান না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এ জন্যই সংস্কার প্রয়োজন। ১১ দলকে বাধ্য করা হয়েছে রাজপথে কর্মসূচি দিতে।
একটি জেলায় সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা করা হলেও সরকারের গভীর নীরবতা প্রশ্নের জন্ম দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমনকি অন্য একটি দেশ বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় সরকার কীভাবে নিশ্চুপ থাকতে পারে?
বিরোধীদলীয় নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দেওয়ার সময় ঐক্যের কথা বলেছেন। এখন ঐক্যের কথা হচ্ছে, তারা বসবেন তবে দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে। বিদেশের সঙ্গে সব চুক্তি করার আগে সংসদে সে বিষয়ে আলোচনা করতে হবে। সব চুক্তির ব্যাপারে জনগণকে জানাতে হবে।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদকের আগ্রাসন, নারী নির্যাতন, চাঁদাবাজি ও দখল বাণিজ্য নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন তিনি।
পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসুক কিংবা নতুন ফ্যাসিবাদ তৈরি হোক, কোনোটাই জনগণ চায় না উল্লেখ করে জামায়াত আমির বলেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথা বললেও ক্ষমতায় গিয়ে বিচার বিভাগীয় সচিবালয় গঠন থেকে সরে এসেছে বিএনপি সরকার।











