স্বপ্নের মেট্রোরেলের শুভ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেল বিরাট ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এ মেট্রোসার্ভিস বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে আরও বাড়িয়ে দেবে। আমরা ধীরেধীরে উন্নত রাষ্ট্রে উন্নীত হচ্ছি। এ জন্য আমাদের উন্নয়নের ধারাও ধরে রাখতে হবে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উত্তরার দিয়াবাড়ি স্টেশন সংলগ্ন উত্তরা ১৫ নম্বর সেক্টরের ব্লক সি-১ এর খেলার মাঠে সুধীসমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এ মেট্রোরেল বাংলাদেশের জিডিপিতে ভূমিকা রাখবে। এছাড়াও আমাদের দেশে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। দৈনিক যাতায়াতে সময় নষ্ট হবে না। এর মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এতে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করবে।
শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে সারা বিশ্বে আমরা এক গৌরবময় জাতির মর্যাদা লাভ করেছি। মেট্রোরেলের মাধ্যমে আমরা মর্যাদায় নতুন মাত্রা সংযোজিত হলো।











