spot_img
spot_img

টেকনাফে আতশবাজির আগুনে পুড়ল তিনটি বসতঘর

কক্সবাজারের টেকনাফে একটি বাগদান অনুষ্ঠানের আতশবাজির আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার উত্তর রোজারঘোণা এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। তারা জানান, বিকালে আবদুস শুক্কুরের ছেলে রাহমত করিমের বাগদান অনুষ্ঠান চলছিল। এই সময় আতশবাজি পোড়ানোর সময় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড বাঁশের বেড়া ও সেমিপাকা ছাউনির তিনটি বসতঘরে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মুহাম্মাদ আলী জানান, উত্তর রোজারঘোণার বাসিন্দা রাহমত করিমের বাগদান অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে স্থানীয় আব্দুস শুক্কুরের ছেলে ছৈয়দ করিম, শাহ আলমের ছেলে আকতার হোসেন ও প্রয়াত আমির হোসেনের ছেলে আব্দুস শুক্কুরের বসতঘর ভস্মীভূত হয়েছে।

টেকনাফ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও তিনটি ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ও খাবারসহ যাবতীয় জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ