spot_img
spot_img

দায়েশ সম্পর্কিত রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করল আফগানিস্তান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে দায়েশ সদস্যদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি জানিয়েছে রাশিয়া। তবে এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান। সেই সঙ্গে এই ধরনের বক্তব্য প্রদান করা থেকে মস্কোকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে কাবুল।

আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, এই ধরনের মন্তব্য আফগানিস্তান ও রাশিয়ার মধ্যকার সম্পর্কে টানাপড়েন সৃষ্টি করবে।পাশাপাশি অন্য কোন দেশের বিরুদ্ধে আক্রমণের ক্ষেত্রে আফগানিস্তানের মাটি ব্যবহৃত হবে না বলেও পুনরায় আশ্বাস দিয়েছেন তিনি।

মুখপাত্র বলেন, “এই ধরনের উদ্বেগ ভিত্তিহীন। এই বিষয়ে তাদের আওয়াজ উঁচু করা উচিত নয়, কারণ এটি আমাদের শান্তিপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত পরিবেশের ক্ষতি করবে। শুধু তাই নয় এটা আফগানিস্তানের সাথে মধ্য এশিয়ার সম্পর্কেকেও খারাপ করে তুলবে। কোন কারণ ছাড়াই এই ধরনের কথাবার্তা বলা উচিত নয়।”

এর আগে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু বলেন, “এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে এখনো জটিলতা রয়ে গেছে। আফগানিস্তানের ভূখণ্ড থেকে সবচেয়ে বড় হুমকি আসছে।”

তিনি আরো বলেন, “গত ১ বছরে আফগানিস্তানে দায়েশের সদস্য সংখ্যা প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাদের মূল উদ্দেশ্য এই অঞ্চলে মৌলবাদী আদর্শ ছড়িয়ে দেওয়া ও দক্ষিণ অঞ্চলীয় সীমান্তে বিধ্বংসী কার্যক্রম পরিচালনা করা।”

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার কাছে যদি সত্যিই এই ধরনের গোয়েন্দা তথ্য থেকে থাকে, তাহলে মস্কোর উচিত তা আফগান সরকারের সাথে শেয়ার করা।

অনেক বিশ্লেষক মনে করেন, আফগানিস্তানের মাটি থেকে রাশিয়া, চীন, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোকে ভয়ভীতি ও চাপে রাখতে চায় আমেরিকা ও তার বন্ধুত্বপূর্ণ দেশগুলো।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ