হাওর এলাকার সম্পদ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেন, উজানের ঢলের সঙ্গে বালি আসায় হাওর এলাকার খাল, বিল ,নদ-নদী ক্রমান্বয়ে ভরাট হচ্ছে। এতে হাওর এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাওর বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সম্পদ। তাই হাওর এলাকার যেকোনো উন্নয়ন প্রকল্প নিলে পরিবেশের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান প্রমুখ।










