তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ক্ষমতায় আসার পর এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। নৌকায় সবসময় বেশি মানুষ নিতে নেই। নৌকায় বেশি মানুষ নিলে নৌকা বিপদাপন্ন হয়। আওয়ামী লীগ একটি গণসংগঠন, কোনো বদ্ধ জলাশয় নয়। আমাদের দলে যে কেউ যোগ দিতে পারে, তবে যে কাউকে আমরা নিতে পারি না। তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। তারাই আওয়ামী লীগকে যুগে যুগে টিকিয়ে রেখেছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, অনেক নেতা বিভিন্ন সময় ভিন্ন সুরে কথা বলেছেন। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের সাথে হাত মিলিয়েছে। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা কখনো দ্বিধান্বিত হননি। তৃণমূলের নেতাকর্মীরা কখনও মূল নেতৃত্বকে ছেড়ে যাননি। যারা পিঠ বাঁচানোর জন্য, অর্থবিত্ত অর্জনের জন্য, অবৈধ সম্পদ রক্ষা করার জন্য আওয়ামী লীগে আসতে চায়, তাদের দরকার নেই। যারা সমাজে প্রতিষ্ঠিত, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বাস করে তারা অবশ্যই আওয়ামী লীগে আসতে পারে। কিন্তু যারা জায়গা দখল ও মাদক কারবারে যুক্ত, তাদের আমাদের দলে প্রয়োজন নেই।
তিনি বলেন, নারী উন্নয়ন ও নারী প্রগতির ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এগিয়েছে সেটা সমগ্র পৃথিবীর জন্য একটা অনন্য উদাহারণ। আমাদের নেত্রী শেখ হাসিনা নারী ও শিশু উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দিয়েছেন। গত ১৩ বছরে নারীর যেভাবে ক্ষমতায়ন হয়েছে, মাতৃ মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার যেভাবে কমেছে বাংলাদেশে, এটা সমস্ত উন্নয়নশীল দেশের জন্য একটা উদাহারণ। আমাদের দেশে শিশু মৃত্যুর হার এবং প্রসূতি মৃত্যুর হার ভারত-পাকিস্তানের চেয়ে অনেক কম।










