নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীনদের অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৯ শে এপ্রিল) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘অর্পণ বাংলাদেশ’ উদ্যোগে গুম-নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
আমির খসরু বলেন, সরকারের উদাসীনতার কারণেই দেশে দিনদিন দারিদ্র বেড়ে চলেছে। ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নাগালের বাইরে গিয়ে সমাজের বড় অংশকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
তিনি বলেন, আজ দেশে গুম, খুন, হত্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ অসহায় হয়ে পড়েছে। এই অবৈধ সরকারের একটি শ্রেণী বিদেশে কোটি কোটি টাকা পাচার করছে। একশ্রেণী শত শত কোটি টাকার মালিক। কিন্তু সবচেয়ে বড় যে শ্রেণী সেই সাধারণ মানুষ আজ অসহায়।










