ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশে এখন বিদ্যুতের উৎপাদন হচ্ছে, কিন্তু ব্যবহার করতে পারছি না। বসে থাকলেও ক্যাপাসিটি চার্জ দিতে হবে। আমাদের রাজনীতিতে ইনডেমনিটি একটি ঘৃণিত শব্দ। অথচ ২০২২ সালে এই আইন আবার সংশোধন করে নবায়ন করা হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন শীর্ষক নাগরিক সভায় এ কথা বলেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, এলএনজি আমদানি করা হচ্ছে, এলএনজি লবি অনেক ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। লুণ্ঠনবৃত্তি বিগত সরকারের মতো অব্যাহত রয়েছে। আমাদের সংসদ যে ভূমিকা পালন করার কথা, দুঃখজনক হলেও সত্য সংসদ সঠিকভাবে ভূমিকা পালন করতে পারছে না।
তিনি আরও বলেন, বিদ্যুৎ-জ্বালানি খাতে ইনডেমনিটি থাকতে পারে না। এটা একটি অসভ্য আইন। কোনো সভ্য সমাজে এটা চলতে পারে না। নাগরিক সভায় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে ক্যাবের পক্ষ থেকে ১৩ দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করা হয়।










