বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী সরকারের অত্যাচারের নমুনা ব্রিটিশ-পাকিস্তান শাসনামল, হিটলার ও চেঙ্গিস খানকেও হার মানিয়েছে। এই সরকারের বর্বরতা ইতিহাস লিপিবদ্ধ থাকবে।
শনিবার (২৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকতে ১৫ দিনের সফরে বিদেশিদের সঙ্গে দেন-দরবার করতে গেছেন। তিনি আবারও দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাইলে দেশের মানুষ মেনে নেবে না।
তিনি বলেন, দেশকে পঙ্গু ও বিরোধী দলশূন্য করার চক্রান্ত চলছে। প্রধানমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলেন। অথচ, ডিজিটাল আইনসহ বিভিন্ন কালাকানুন করে বাকস্বাধীনতাকে আটক করে রেখেছেন।
জেলখানায় নির্যাতনের নতুন মাত্রায় যোগ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বিরোধী দলের নেতাদের সেলে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেখানে কেউ আমাদের সঙ্গে দেখা করতে এলে তার স্থান হয় কাশিমপুর কারাগার।










