সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটির আদালত এ আদেশ দেন।
এর আগে আমিনুর শাহকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক শাহ আলম। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) রাতে আমিনুর শাহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। তার এ অবমাননাকর ও আপত্তিকর মন্তব্যে এলাকায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দাঙ্গার আশঙ্কা তৈরি হয়।
এ ঘটনায় মঙ্গলবার আমিনুর শাহর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নবাবগঞ্জ থানায় মামলা করেন আলাউদ্দিন নামে এক ব্যক্তি। পরে নবাবগঞ্জের মহিষদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।











