spot_img
spot_img

রাশিয়ার সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে আফগানিস্তান: মাওলানা মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

মস্কোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বুধবার প্রকাশিত বৈঠকের বিস্তারিত তথ্যে জানানো হয়, বৈঠকে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে।

মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেন, আফগানিস্তান ও রাশিয়ার সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে। ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত, শক্তিশালী ও সর্বব্যাপী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, আমেরিকার দুই দশকের দখলদারিত্বের পর আফগানিস্তান এখনো অর্থনৈতিক ও মানবিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তবে ক্ষমতায় ফিরে আসার পর থেকে ইমারাতে ইসলামিয়া বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইমারাতে ইসলামিয়া সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে। একই সঙ্গে অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন করেছে এবং স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক অগ্রগতিও অর্জন করেছে।

মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ আরও বলেন, আফগান নিরাপত্তা বাহিনী “ফিতনাবাজ নেটওয়ার্কগুলোর” বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। সারাদেশে নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কাবুল ও মস্কোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। দুই পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ দেখাচ্ছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ