spot_img
spot_img

ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরাতে চান মাচাদো

ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো।

বৃহস্পতিবার (২৮ মে) পানামা থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আগ্রহের কথা জানান।

মাচাদো আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল রাজনৈতিক আলোচনায় সহায়তা করতে হবে।

তিনি বলেন, “এই আলোচনার মূল উদ্দেশ্য হলো স্বাধীন, স্বচ্ছ ও সার্বভৌম প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন নিশ্চিত করা।”

মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী জোট দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ২০২৪ সালের নির্বাচনে তাদের প্রার্থী এডমুন্দো গঞ্জালেজ উরুতিয়া বিজয়ী হয়েছেন। তবে ওই নির্বাচনে নিকোলাস মাদুরোকেই আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

গত জানুয়ারিতে কারাকাসে অভিযান চালিয়ে তৎকালীন নেতা মাদুরোকে আটক করার অনুমোদন দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরপর থেকেই ট্রাম্পের ভেনেজুয়েলা-সংক্রান্ত পরিকল্পনার প্রতি আস্থা প্রকাশ করে আসছেন মাচাদো।

আমেরিকার সামরিক অভিযানের পর থেকে দেশটি পরিচালনা করছেন মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সে সময় নতুন নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তবে এখনো ভোটের কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

গত শনিবার মাচাদো জানান, ভবিষ্যতে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি প্রার্থী হবেন। পানামায় ভেনেজুয়েলীয় প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি স্পষ্ট করে বলেন, “আমি প্রার্থী হব।”

বর্তমানে নির্বাসনে থাকা মাচাদোকে ভেনেজুয়েলা সরকার পলাতক হিসেবে বিবেচনা করে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি দেশের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

গত ডিসেম্বরে নরওয়ের অসলোতে প্রকাশ্যে দেখা যায় মাচাদোকে। সেখানে তিনি নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। চলতি বছরজুড়ে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

মাচাদো জানান, তিনি আবারও ভেনেজুয়েলায় ফিরতে চান। তবে কবে ফিরবেন, বিবৃতিতে তা উল্লেখ করেননি।

সূত্র : এএফপি, এপি, রয়টার্স, এল পাইস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ