ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাক্তিগত ও পরিবারের আটটি ব্যাংক হিসাব জব্দের পেছনে বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের হাত রয়েছে বলে জানিয়েছেন সাঈদ খোকন।
সাঈদ খোকন বলেন, নিজের সীমাহীন ব্যর্থতা ঢাকতে সীমাহীন বিদ্বেষ ও হয়রানিমূলক আচরণ করছেন তাপস। দুদকের এ কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সঙ্ঘটিত হয়েছে। আইনি মোকাবিলার পাশাপাশি প্রয়োজনে ঢাকাবাসীকে সাথে নিয়ে আন্দোলন করা হবে।
মঙ্গলবার (২৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তবে আজ বিকেলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো লিখিত এক বক্তব্যে মেয়র তাপস বলেন, বিষয়টি আদালত ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট। বিচারাধীন কোনো বিষয়ে কোনো ধরনের বক্তব্য ও প্রতিউত্তর দিতে নিরৎসুক।
প্রসঙ্গত, গত সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।











