ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন বন্ধ হলে শুধু ফিলিস্তিনিরা শান্তিতে বসবাসের সুযোগ পাবে না, বরং বিশ্বশান্তি নিশ্চিত করতেও তা সহায়ক হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ছাড়া বিশ্বে স্থায়ী শান্তি সম্ভব নয়। আর ফিলিস্তিনিদের শান্তি ছাড়া মধ্যপ্রাচ্যেও কোনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। ইসরাইলি সরকারের এসব আগ্রাসী কর্মকাণ্ডের অবসান শুধু ফিলিস্তিনিদের শান্তি ও স্বস্তি অর্জনের সুযোগই দেবে না, বরং এর অর্থ হবে বিশ্বশান্তি নিশ্চিত করা।
সোমবার (২৯ জুন) ইস্তাম্বুলে ন্যাটো পার্লামেন্টারি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন কুরতুলমুশ বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া সামনে এগোনোর আর কোনো পথ নেই।”
এ সময় ন্যাটো সদস্য দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই অঞ্চলে চলমান শান্তি উদ্যোগগুলোকে সমর্থনের আহ্বান জানান তিনি।
ইরান ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারকের প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, সুইজারল্যান্ডে শুরু হওয়া আলোচনা স্থায়ী ও ন্যায়ভিত্তিক শান্তির আশা জাগিয়েছে।
কুরতুলমুশ বলেন, “আমরা আশা করি, শেষ পর্যন্ত এগুলো কেবল যুদ্ধবিরতির দিকে নয়, বরং একটি স্থায়ী ও ন্যায়ভিত্তিক শান্তির দিকে নিয়ে যাবে। অর্থাৎ শুধু যুদ্ধবিরতি নয়, বরং প্রকৃত শান্তি চুক্তিতে রূপ নেবে।”
সূত্র: আনাদোলু











